হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এরই মধ্যে জাহাজ চলাচল বন্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দুটি জাহাজে হামলা চালিয়েছে। বসে নেই মার্কিন নৌবাহিনীও। আইআরজিসির নৌ সেনাদের রুখতে তারাও গুলি ছুড়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই অঞ্চলে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই দেশের বাহিনী। এখন পর্যন্ত বন্দর আব্বাস, সিরিক, কেশম, হেনগাম দ্বীপ ও গোরগান অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার খবর পাওয়া গেছে। আর ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী ও আইআরজিসির মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। মার্কিন বাহিনী এখন পর্যন্ত উপকূলীয় সাতটি পয়েন্টে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, যুক্তরাষ্ট্র এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করেছে। এর জেরে তারা ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
আইআরজিসি আরও জানায়, এই গুরুত্বপূর্ণ জলপথে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের চলাচল প্রভাবিত হবে।
আইআরজিসি আরও দাবি করে, প্রণালি অবৈধভাবে অতিক্রম করার চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানা হয়েছে। আরও কোনো জাহাজ অতিক্রমের চেষ্টা করলে হামলা করা হবে।







