লেবাননে বিমান হামলা বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের বিরোধিতা করে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, ট্রাম্পকে ‘না’ বলার এখনই উপযুক্ত সময় এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান আরও কঠোর হওয়া উচিত।
ইসরায়েলের উগ্র ডানপন্থী ও কট্টর জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত বেন-গভির মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। পোস্টে তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, তিনি নিজেই একসময় বলেছিলেন, একজন শক্তিশালী প্রধানমন্ত্রী প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ‘হ্যাঁ’ বলেন এবং প্রয়োজন হলে ‘না’ বলেন।
বেন-গভির তার পোস্টে লেখেন, “আমাদের বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পকে না বলার এখনই উপযুক্ত সময়।”
এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, লেবাননে হামলা বন্ধের বিষয়ে ইসরায়েল তাঁর আহ্বানে রাজি হয়েছে। একই সময় নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ট্রাম্প কঠোর ভাষা ব্যবহার করেন বলেও বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়।
বেন-গভির আরও বলেন, হিজবুল্লাহর ওপর আঘাত জোরদার করা এবং ইসরায়েলি সেনাদের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। তার মতে, উত্তরাঞ্চলে নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ এখনই নেওয়া উচিত।
এর আগে গাজা অভিমুখী একটি ত্রাণবাহী জাহাজ জব্দ এবং এতে থাকা ব্যক্তিদের আটকের ঘটনায় বেন-গভিরের আচরণ নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনা তৈরি হয়। সেই ঘটনার পর তিনি বিভিন্ন মহলের নিন্দার মুখে পড়েন। তার কর্মকাণ্ডের সমালোচনা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশও ওই ঘটনার প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে।







