ওমান সাগরে ইরানি একটি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্রের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে ইরান। একই সঙ্গে এর ‘প্রতিশোধ শিগগিরই নেয়া হবে’ বলে হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। খবর আল জাজিরার।
ইরানের সামরিক সদর দপ্তর হজরত খাতাম আল-আনবিয়া হেডকোয়ার্টাস আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানায়, ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে সেটি আটক করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘আগ্রাসী যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং সামুদ্রিক ডাকাতির মতো কর্মকাণ্ড চালিয়ে ওমান সাগরের জলসীমায় একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। তারা জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয় এবং জাহাজের ডেকে কয়েকজন মার্কিন মেরিন মোতায়েন করে।’ এতে আরও নিশ্চিত করা হয় যে, জাহাজটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
ইরানের সামরিক কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সশস্ত্র বাহিনী শিগগিরই এই মার্কিন সশস্ত্র আগ্রাসনের জবাব দেবে এবং প্রতিশোধ নেবে।’
এই ঘটনার পর ওমান সাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







