পাঁচ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট ও এর আশেপাশে। রোববার সকাল ৯টা ২১ মিনিটে অনুভূত হয় এই ভূমিকম্প।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাব পড়ে বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী এলাকাগুলোতেও। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩।
গত ৭ এপ্রিল একই এলাকায় ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি হয় এবং সিলেটসহ আশপাশের অঞ্চলেও তা অনুভূত হয়।
সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, হঠাৎ কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু এবং অনেক মানুষ আহত হন।







