দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার এক কিশোর প্রবাসী। নিহত মোহাম্মদ সোহান (১৭) উপজেলার বাসিন্দা ও দুলাল মিয়ার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার Johannesburg শহরের অদূরে কেতলেহং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। সোহান সেখানে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সোহান ও দোকানের মালিক দোকানের ভেতরে ছিলেন। মাগরিবের সময় হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহান। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরিবার ও স্থানীয়রা জানান, জীবিকার সন্ধানে মাত্র তিন মাস আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান সোহান। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে বিদেশে গেলেও ভাগ্যের নির্মম পরিহাসে স্বপ্ন পূরণের আগেই তাকে প্রাণ দিতে হলো।
আরও জানা গেছে, যে দোকানে এ হত্যাকাণ্ড ঘটে, তার পাশের একটি সোমালি নাগরিকের দোকানের সঙ্গে ব্যবসায়িক বিরোধ ছিল বলে প্রবাসী বাংলাদেশিদের একটি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় সোহানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিস্থিতি। এত অল্প বয়সে তার এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার ও এলাকাবাসী।
এদিকে, নিহতের মরদেহ দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।







