দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে তিনি জানান, বর্তমানে ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন সরকারি চাকরিতে কর্মরত আছেন।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিস্টিকস অব পাবলিক সার্ভেন্ট-২০২৪ মোতাবেক সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোতে প্রথম শ্রেণির কর্মকর্তা ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন।
প্রথম শ্রেণিতে শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন। এই শ্রেণিতে শূন্য পদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণিতে কর্মরত রয়েছেন ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন।
তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ শূন্য। চতুর্থ শ্রেণিতে ৪ লাখ ৪ হাজার ৫৫৭ এবং অন্যান্য শ্রেণিতে কর্মরত কর্মচারীর সংখ্যা সাত হাজার ৯৮০। চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অন্যান্য শ্রেণিতে শূন্য পদ ৮ হাজার ১৩৬টি।’







