ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৭টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি মোটরসাইকেল অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপর আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মো. সামির (২৪)কে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তিনি নারায়ণগঞ্জ জেলার দাদন আকন্দের ছেলে।
নিহত সাবেদ (১৯) মতিনের ছেলে। তার বাড়িও নারায়ণগঞ্জ জেলায়। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে।