সদ্য সাবেক প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৮ মাসে তিনি একদিনের জন্যও ছুটি নেননি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম Facebook–এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, কোনো কোনো দিন সকাল ৬টা থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত কাজ করেছেন।
শফিকুল আলম জানান, ‘আমি কখনও ক্ষমতার জন্য লালায়িত হইনি। স্বাচ্ছন্দ্যের জীবনকে আমি মূল্য দেই, কিন্তু অর্থের পেছনে ছোটা কখনও আমার প্রেরণা ছিল না। অধ্যাপক ইউনূস যখন আমাকে তাঁর প্রেস সচিবের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন, তখন আমার একমাত্র লক্ষ্য ছিল কাজটি ভালোভাবে করা বরং ভালো থেকেও ভালো করা। পরিপূর্ণতার জন্য চেষ্টা করা। এই যাত্রাটিকে অর্থবহ করে তোলা।’
গত আঠারো মাসে আমি একদিনের জন্যও ছুটি নিইনি জানিয়ে তিনি বলেন, ‘কোনো কোনো দিন সকাল ৬টায় শুরু হয়ে রাত ২টা পর্যন্ত কাজ করেছি। অধ্যাপক ইউনূস নিজেও খুব কম বিশ্রাম নেন, তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা সবার কাছ থেকেই একই রকম নিষ্ঠা প্রত্যাশা করেন। এমন রাত গেছে যখন রাত ২টায় বার্তা এসেছে। আজ একটি এসেছে ভোর ৪টা ৩৮ মিনিটে।’
সাবেক প্রেস সচিব বলেন, ‘আমি কি আমার দায়িত্ব ভালোভাবে পালন করতে পেরেছি? আপনারাই তার বিচারক। আমি শুধু বলতে পারি, আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমি সৎ ছিলাম। আমি কারো ক্ষতি করিনি। যদি কিছু হয়ে থাকে, তবে নিজের পরিবারকেই ঝুঁকির মুখে ফেলেছি। বাংলাদেশ, জুলাই বিপ্লব এবং অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্য যখন সামাজিক ও মূলধারার গণমাধ্যমে প্লাবিত হচ্ছিল, তখন আমার কাজ আরও কঠিন হয়ে উঠেছিল। স্মার্টফোনের পর্দা থেকে সরে আসার সুযোগ খুব কমই ছিল। পারিবারিক জীবনে তার চাপ ছিল বাস্তব। আমি মিথ্যার স্রোতের মুখোমুখি হওয়ার চেষ্টা করেছি। সেই প্রক্রিয়ায় আমি বন্ধু হারিয়েছি। শুভাকাঙ্ক্ষী হারিয়েছি।’







