৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা আমির আটকের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী।
বুধবার দুপুর আড়াইটায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আমার দেশকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করে পুলিশ।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল সৈয়দপুরে অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জামায়াত নেতা বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি।
টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।







