বাংলাদেশ চীনের সঙ্গে চারটি নতুন জাহাজ কেনার ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) চীনের পক্ষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে সই করেন।
ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, চুক্তির আওতায় চারটি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এ প্রকল্পে মোট ব্যয় হবে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকারে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, আর দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনায় ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই নতুন জাহাজ সংগ্রহ প্রকল্প বাংলাদেশের জাহাজ চলাচলের সক্ষমতা বাড়াবে, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন উন্নত করবে।
তিনি আরও বলেন, চীন বাংলাদেশের সব মানুষের প্রতি বন্ধুত্ব ও সুপ্রতিবেশী নীতি অব্যাহত রাখবে এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে নতুন মাত্রায় উন্নীত করবে, যা বাংলাদেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনবে।







