আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কামাল হোসেন যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েও এলাকা ছেড়ে যাননি বলে মন্তব্য করেছেন—জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা হাসনাতুল ইসলাম ফাইয়াজ।
বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এই এমপি প্রার্থীকে ভোট প্রদানের ইচ্ছা পোষণ করে দেওয়া এক পোস্টে ফাইয়াজ এ কথা বলেন।
পোস্টে ফাইয়াজ লেখেন—‘অল্প কিছুদিন আগে ভোটার হয়েছি। আমার ভোটার এলাকা ঢাকা-৫ এ কাকে সাপোর্ট করবো? এই প্রশ্নটা অনেকেই করছে।এই আসনের প্রার্থীদের মান, সাহস আর মাঠের কাজ এবং শিক্ষাগত যোগ্যতা দেখেছি।
তাদের মধ্যে কামাল হোসাইন ভাইকে আমি কাছ থেকে দেখেছি। ২০২২-২৩ এ ঢাকায় যেখানেই জামায়াতের নেতৃত্বে ফ্যাসিস্টবিরোধী মিছিল হতো, পুলিশ সবার আগে এসে হাজির হতো ভাইয়ের বাসায়। যখন এই আসনের বর্তমান কিছু প্রার্থীকে ফ্যাসিস্টদের সঙ্গে আড্ডায় মেতে থাকতে দেখা যেতো! কিন্তু বারবার গ্রেপ্তার হয়েও ভাই এলাকা ছাড়েননি।
জুলাই বিপ্লবের স্মৃতিচরণ করে ফাইয়াজ লেখেন— জুলাইয়ে নিজের চোখে দেখেছি, কিভাবে মাদ্রাসা এরিয়া থেকে যাত্রাবাড়ী পর্যন্ত কামাল হোসাইন ভাই মানুষকে সংগঠিত করেছেন এবং স্ট্যালিনগ্রাদ হতে ভূমিকা রেখেছেন।জুলাইয়ের পর এই অঞ্চলের শহীদ ও আহত পরিবারের পাশে নীরবে দাঁড়িয়েছেন।
এমপি প্রার্থী কামালের ত্যাগ উল্লেখ করে ফাইয়াজ লেখেন,‘বন্ধুর মাধ্যমে ইউএসএতে (যুক্তরাষ্ট্র) ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েও তা ছেড়ে এই এলাকাকেই বেছে নিয়েছেন।বাদশা মিয়া রোড এর জলাবদ্ধতা নিরসন, ব্রিজ নির্মাণ, বিদ্যালয় সংস্কার ও মেরামতসহ আরও অনেক সামাজিক কাজ বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন।
পোস্টের শেষাংশে জুলাইয়ের এ যোদ্ধা লেখেন— ঢাকা-৫ এ এমন সাহসী আর কর্মঠ নেতৃত্ব খুব কমই দেখা যায় কিন্তু খুব বেশি প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী Mohammad Kamal Hossain ভাই এই অঞ্চলের মানুষের আশার বাতিঘর হয়ে উঠবেন এবং এ হাওয়ার দিক এবার বদলে দিবেন এটাই প্রত্যাশা। সুন্দর এবং সুষ্ঠু একটি নির্বাচন দেখার অপেক্ষায় আমরা সবাই...







