ইনকিলাব মঞ্চের ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে সরকারের ব্যর্থতার প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি। আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত দুই দফা দাবির একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে জাতির সামনে কোনো ব্যাখ্যা দেননি বলেও অভিযোগ করা হয়েছে।
সংগঠনটির দাবি, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়নি এবং ওইসব সংস্থার ভেতরে থাকা সাবেক সরকারঘেঁষা ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও তারা অভিযোগ করেছে।
এই প্রেক্ষাপটে আগামী দিনের আন্দোলন কর্মসূচি ও নতুন দাবিসমূহ জাতির সামনে তুলে ধরতেই ইনকিলাব মঞ্চ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বলে জানানো হয়েছে।







