লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন,“জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি, আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামীলীগের হাতে মাইর খাওয়ালো।”
এক সপ্তাহের রাজনৈতিক ও কূটনৈতিক সফরে যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছেন নাহিদ ইসলাম। সেখানে তিনি যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা এবং বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য দেন।
স্থানীয় সময় গতকাল সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে সফরে সংবর্ধনা অনুষ্টান শেষে 'মেফেয়ার ভেন্যু'-র সামনে ও পেছনের সড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টা হয়। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান রাশেদ খাঁন।
রাশেদ খান ফেসবুকে লেখেন,“লন্ডনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে আওয়ামী সন্ত্রাসীদের এই উগ্রতা ও দুর্বৃত্তপনা শীঘ্রই আন্তর্জাতিকভাবে এদের নিষিদ্ধের ব্যবস্থা করে দিবে। তবে গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দোষারোপ করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?”
তিনি লেখেন,“জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেনি, আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে আওয়ামীলীগের হাতে মাইর খাওয়ালো! এখানেও কি তারা বিএনপি সরকারের কুটনৈতিক ব্যর্থতা খুঁজে পাবে? গতকাল যেমন তাদের একজন আধা জামায়াতি-আধা এনসিপি নেত্রী থানায় অভিযোগ করতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক হুমকির জন্য কুটনৈতিক ব্যর্থতা আবিষ্কার করলো, আশা করি নাহিদ ইসলাম একই ভুল করবে না যে, বিএনপি সরকার লন্ডনে আমাকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
সবশেষে আ.লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে রাশেদ খাঁন লেখেন,“এবার যদি জামায়াত-এনসিপির শুভবুদ্ধির উদয় হয় যে, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিরোধ করা আমাদের সম্মিলিত দায়িত্ব। সেক্ষেত্রে দোষারোপের রাজনীতির চেয়ে একতার রাজনীতি বেশি গুরুত্ব পাবে এবং বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে আওয়ামী সন্ত্রাসীরা নাশকতা ও হামলার দুঃসাহস দেখাবে না। আসুন, সম্মিলিতভাবে আওয়ামীলীগকে প্রতিরোধ করি, আওয়ামীলীগ জাতির শত্রু, এই শত্রুকে ন্যূনতম স্পেস না দেওয়ার অঙ্গীকার সবাইকে করতে হবে।”