ছয়তলা ভবনের জানালা দিয়ে ‘পানি পানি’ বলে চিৎকার করছিল দুই শিশু

Post Image

জানালা দিয়ে ভেসে আসছিল দুই শিশুর চিৎকার—‘পানি পানি’। গ্রিলের ফাঁক দিয়ে ছোট ছোট হাত বের করে তারা আকুতি জানাচ্ছিল। ছয়তলা ভবনের পঞ্চম তলা থেকে ভেসে আসা সেই কান্না শুনে থকমে যায় পথচারীরা। শিশুদের এমন আকুতি ও অস্বাভাবিক পরিস্থিতিতে সন্দেহ হয় স্থানীয়দের। ফ্ল্যাটের তালা ভেঙে মায়ের লাশের পাশ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই ফ্ল্যাটে বাইরে থেকে তালা লাগানো ছিল। বাড়ির মালিককে সঙ্গে নিয়ে তালা ভেঙে দুই শিশুকে জীবিত উদ্ধার করেন তারা। পাশের আরেকটি কক্ষে পড়ে থাকতে দেখা যায় তাদের মা ইসরাত জাহানের লাশ। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।

রোববার সকালে জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার জানান, সকালে ওই ভবনের পঞ্চম তলা থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পান কয়েকজন পথচারী। তারা প্রথমে বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও বারবার ‘পানি পানি’ বলে চিৎকার এবং জানালার গ্রিলের বাইরে শিশুদের হাত নাড়তে দেখে সন্দেহ করেন। পরে ভবনের মালিককে বিষয়টি জানানো হয়। তিনি গিয়ে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে এক কক্ষে দুই শিশুকে পাওয়া যায়। কক্ষটির দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল।

উদ্ধার হওয়া শিশু দুটির মধ্যে স্নেহার বয়স ১০ বছর এবং মমিন শাহরিয়ারের বয়স পাঁচ বছর। তারা ইসরাত জাহানের আগের স্বামী কাউসার আহাম্মেদ শাওনের সন্তান বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাত জাহান শেরপুরের শ্রীবরদী এলাকার মৃত ইসমাইল হোসেনের মেয়ে। তার আগের স্বামী কাউসার আহাম্মেদ শাওন মারা যাওয়ার পর তিনি গোপনে এক ব্যক্তিকে বিয়ে করেন বলে তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। এরপর ওই ব্যক্তিকে নিয়ে তিনি জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

তবে ইসরাত জাহানের বর্তমান স্বামীর নাম-পরিচয়, ঠিকানা কিংবা তার সঙ্গে কত দিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন—এসব বিষয়ে বাড়ির মালিক কোনো তথ্য দিতে পারেননি।

ঘটনার পর থেকে বর্তমান স্বামী পলাতক রয়েছেন বলে স্থানীয়দের ধারণা। এ কারণে তার ভূমিকা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছেন, দাম্পত্য কলহের জেরে ইসরাত জাহানকে হত্যা করে স্বামী পালিয়ে যেতে পারেন। তবে এটি এখনো পুলিশের প্রাথমিক তদন্তের বাইরে নিশ্চিত কোনো তথ্য নয়। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ ফ্ল্যাটটি ঘুরে দেখে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। শিশু দুটিকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক সুরতহাল শেষে তদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনের পাশাপাশি ওই গৃহবধূর বর্তমান স্বামীর পরিচয় ও তার সংশ্লিষ্টতার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

যে কারণে আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখলেন সুইস ফুটবলার

বরিশালে পুলিশ সদস্যের হামলার শিকার হয়ে হাসপাতালে সাংবাদিক!

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ এখন ছাত্রদল নেতা!

আমি এমপি না হলে আওয়ামী লীগের ওপর নির্যাতন ও জুলুম বাড়বে: জাপা মহাসচিব

সিলেটের এক বেইমান পিছন থেকে ভিডিও করে: মাদানী

‘নারী সেজে বন্ধুত্ব করাই রাব্বির নেশা’

রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে মুন্সীগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের বিশেষ অনুমতি পেল কোন কোন দেশ?

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি