দেশের ১৩টি সিটি করপোরেশনে আগামীকাল সোমবার থেকে ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এ নিবন্ধন দেওয়া হবে। তবে নিবন্ধন কার্যক্রম শুরু হলেও বর্তমানে চলাচলরত বৈধ-অবৈধ কোনো রিকশাই আপাতত বন্ধ করা হবে না। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেছেন, সিটি করপোরেশন এলাকায় স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে সরকার বিধিমালা প্রণয়ন করেছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশার নিবন্ধন নেওয়া যাবে।
নিবন্ধন ছাড়া কোনো রিকশা চলাচল করতে পারবে না উল্লেখ করে তিনি বলেছেন, প্রতিটি অটোরিকশায় স্পিডোমিটার লাগাতে হবে। এসব যানের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ১৫ কিলোমিটার।
অটোরিকশা নিবন্ধনের মেয়াদ হচ্ছে ১২ বছর
প্রতিটি অটোরিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমানে চলাচলরত রিকশাগুলো এখনই বন্ধ করা হবে না। তবে ই-রিকশার ব্যাটারি নির্ধারিত চার্জিং স্টেশন থেকে চার্জ দিতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ই-রিকশার ব্যাটারি ভাঙার ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোনো ব্যাটারি ভাঙা যাবে না বলে জানালেন প্রতিমন্ত্রী।
নিবন্ধন ফি সম্পর্কে তিনি বলেছেন, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি আট হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি চার হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, নির্দিষ্ট রুট এবং যানবাহনের জন্য আলাদা রঙ নির্ধারণ করা হবে। পর্যায়ক্রমে এসব বিষয় চূড়ান্ত করা হবে।







