যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টার মধ্যে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে কাতারের একটি প্রতিনিধিদল। শুক্রবার (৩০ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলটি তেহরানে পৌঁছেছে। সেখানে তারা ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে পরস্পরবিরোধী বার্তার মধ্যেই নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। গত রোববার ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির কাছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর উপসাগরীয় মিত্র দেশগুলোকে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছেন তিনি।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে মধ্যস্থতাকারীদের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে কাতারের সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত রোববার (২৫ অক্টোবর) কাতার ইরানের কাছে একটি খসড়া শান্তি প্রস্তাব পেশ করেছিল। কিন্তু পরে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই প্রস্তাব ‘গ্রহণযোগ্য নয়’ বলে অভিহিত করেন। ওই কর্মকর্তা জানান, পারমাণবিক বিষয়ে তেহরান নিজের অবস্থান পরিবর্তন করবে না।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় অননুমোদিত পথ ব্যবহারের অভিযোগে দুটি তেলবাহী ট্যাংকার থামিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ট্যাংকার দুটি অজ্ঞাত কিছু ঘটনার মুখে পড়ার পর সেগুলো থামানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, দুটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর মধ্যে একটি প্রণালির পূর্ব অংশে এবং অন্যটি পশ্চিম অংশে ছিল। এ সময় ট্যাংকার দুটি ‘কিছু ঘটনার’ মুখে পড়ে এবং প্রণালির দক্ষিণে জলসীমায় সেগুলো থামিয়ে দেওয়া হয়।
এদিকে হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী ট্যাংকার মাইনে আঘাত হানার খবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো দাম বাড়ার পথে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেল।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত অষ্টম মাসে প্রবেশের মধ্যে হরমুজ প্রণালিতে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে একাধিক ট্যাংকার মাইনে আঘাত হানার খবর বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়িয়েছে।







