অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলবে।দেশি পোশাক বাছুন
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বিমানবন্দরে নিয়ে যান পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি গণমাধ্যমকে ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার বিস্তারিত জানান।
শফিকুল হক মিলন বলেন, কয়েক দিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে তাকে দেওয়া ওষুধ ব্যবহারে কোনো ত্রুটি হয়ে থাকতে পারে। এর ফলে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। গত কয়েক দিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল।
তিনি আরও বলেন, দুই দিন আগে প্রধানমন্ত্রী রাজশাহী সফরে এলে অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রীকে সেখানে উপস্থিত থাকতে হয়। এতে তার শারীরিক পরিশ্রম হয়েছে। এদিকে রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে শফিকুল হক মিলন রাজশাহীবাসী ও দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বলেন, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী থেকে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়। নিজের সুস্থতার জন্য রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান মিনু।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তাদের সবার কাছে দোয়া কামনা করেন ভূমিমন্ত্রী।







