জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি বলেছেন, মায়েদের নামে হবে ফ্যামিলি কার্ড। মায়েরাই এই সুফল ভোগ করবেন। মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।
আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘তারেক রহমান গ্রামে গঞ্জে ঘোরেন, স্বাভাবিক জীবনযাপন করেন। একটা মানুষের কি কষ্ট সেটা বোঝার চেষ্টা করেন। তাকে তারেক জিয়া না বলে আপনারা যদি বলেন, আরেক জিয়া সেটা ঠিক। উনি তারেক জিয়া না উনি আরেক জিয়া। একটা মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য যা যা করা দরকার তিনি তা সবটাই করছেন।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বক্তব্য জিয়াউর রহমান খুনি, খালেদা জিয়া খুনি এবং তারেক রহমান খুনি এটা শেখ হাসিনার বক্তৃতা। এরপরই তারেক রহমানের একটা বক্তব্যে আছে, তিনি বক্তব্যে বলেছেন, ‘‘আমি যদি আমার মায়ের কাছে প্রশ্ন করতাম, মা তোমাকে দুঃসময়ে এতো যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মিথ্যা বলে মামলা মোকদ্দমা দিয়ে তোমাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিছিল তুমি মারা যাচ্ছ। এরকম সময়ে আমার প্রতিশোধ নেয়ার শক্তি আছে আমি প্রতিশোধ নেব কি-না?’’
চিফ হুইপ আরও বলেন, তনি (তারেক রহমান) উত্তর দিয়ে বলেছেন, ‘‘আমার মা নিশ্চয়ই বলতেন, এই দেশ গঠনের জন্য তোমার অনেক কাজ আছে। প্রতিশোধ নেয়ার সময় নয়। যদি আমার ভাইকে জিজ্ঞেস করতাম একই উত্তর পেতাম।’ এই হল তারেক রহমান আর এই হল শেখ হাসিনা। আমি ক্ষমতা চাই, ক্ষমতায় থাকতে চাই এই হল শেখ হাসিনা। আর উনি (তারেক রহমান) বলেন, ‘মানুষ যদি মনে করেন আমি যোগ্য, মানুষ যদি মনে করেন আমি তাদের পাশে আছি, তারা যদি মনে করে আমি তাদের কাজ করি এবং বিশ্বাস করে যদি আরেকবার ভোট দেয়, ইনশাআল্লাহ আমি থাকবো।’







