কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের ওপর প্রস্তাবিত ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। সেতুটির প্রাথমিক কার্যক্রম দ্রুত শুরু করার পাশাপাশি চলতি শুষ্ক মৌসুমের শেষ দিকে মূল নির্মাণকাজ শুরুর আশাবাদ জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় সেতু নির্মাণের নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট প্রকৌশলী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা কবরস্থানে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। পরে তিনি আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহে আলম বলেন, “সম্প্রতি শহীদ আবরার ফাহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে গড়াই নদের ওপর সেতু নির্মাণের দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।”
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এলজিইডির সেতু-সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে নিয়ে সরেজমিনে স্থানটি পরিদর্শন করেছি। আগামীকাল থেকেই সেতু নির্মাণের প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি), মাটির গুণাগুণ পরীক্ষা (সয়েল টেস্ট) এবং নকশা প্রণয়নের কাজ শুরুর জন্য আজই মৌখিক নির্দেশনা দিয়ে যাব।”
সেতুটি নির্মাণে সম্ভাব্য ব্যয় ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “প্রস্তাবিত সেতুটি নির্মাণে আনুমানিক ২৫০ থেকে ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য পৃথক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করতে হবে। এরপর পরিকল্পনা কমিশন, অর্থ বিভাগ ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”
শাহে আলম আরও বলেন, “সব প্রক্রিয়া সম্পন্ন করে আমরা আশা করছি, চলতি শুষ্ক মৌসুমের শেষ দিকে দরপত্র আহ্বানের মাধ্যমে সেতুর মূল নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।”
পরিদর্শনকালে শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্যসচিব জাকির সরকার, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য ফরিদা পারভিন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।







