আফগানিস্তানে এফএম রেডিও নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত বিবিসির সব ধরনের সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বারবার বিধি লঙ্ঘনের কারণে বিবিসির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ওই মুখপাত্র।
২০২২ সালে দুটি মার্কিন সংবাদমাধ্যম আফগানিস্তানে নিষিদ্ধ হয়। তারপর থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিসেবে একমাত্র বিবিসি দেশটির ভেতরে সরাসরি সম্প্রচার হচ্ছিল।
এ বিষয়ে বিবিসি এক বিবৃতিতে জানিয়েছে, 'সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের জন্য আফগানিস্তানের লাখ লাখ মানুষ বিবিসির ওপর নির্ভর করেন। সম্প্রচার বন্ধের বিষয়টি নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।'
পশতু, দরি ও ইংরেজিতে শর্টওয়েভ এবং মিডিয়ামওয়েভে রেডিও ও অনলাইনের পাশাপাশি স্যাটেলাইটের মাধ্যমে আফগানিস্তানের শ্রোতাদের জন্য নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিবিসি।
মাধ্যমিক বিদ্যালয়ে মেয়েদের যাতায়াত নিষিদ্ধ হওয়ার পর থেকে বিবিসি প্রচারিত নানা শিক্ষামূলক অনুষ্ঠান, সংবাদ ও অন্যান্য আয়োজন প্রতি সপ্তাহে আফগানিস্তানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ২০ শতাংশেরও বেশি মানুষের কাছে পৌঁছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।
তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব ঘুফরান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, 'বিবিসি ক্রমাগত কিছু নিয়ম লঙ্ঘনের কারণে আপাতত দেশজুড়ে এর সমস্ত কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'







