ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে কেরালার বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়েছে। কংগ্রেস, সিজেপিসহ বিরোধী দল ও সংগঠনগুলোর বিক্ষোভ কর্মসূচির মধ্যেই দক্ষিণের রাজ্যটিতে সোমবার এমন প্রস্তাব পাস হলো।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া সংক্রান্ত উদ্বেগ, যোগ্য ভোটারদের বাদ দেওয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিধানসভায় প্রস্তাবটি উত্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। প্রস্তাবে অনিয়মের অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়। একইসঙ্গে, যেসব যোগ্য ভোটার বাদ পড়েছেন, অবিলম্বে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, কোনো সিইসিকে অপসারণের দাবিতে বিধানসভায় এমন প্রস্তাব পাসের ঘটনা ভারতে এটিই প্রথম।
কেরালার বিধানসভায় নির্বাচন কমিশনার বাছাই কমিটির কাঠামো পরিবর্তনেরও দাবি জানানো হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানটির স্বাধীনতা, গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলীয় নেতা ও প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিধানসভায় প্রস্তাবটি পাস হওয়ার পর মুখ্যমন্ত্রী সতীশন বলেন, ভোটাধিকার হলো গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। কোনো প্রতিষ্ঠানেরই নাগরিকদের সাংবিধানিক অধিকার খর্ব করার সুযোগ নেই।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সতীশন লিখেছেন, ‘আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। ভোটাধিকার অবশ্যই রক্ষা করতে হবে। সংবিধান সমুন্নত রাখতে হবে। গণতন্ত্রকে জয়ী হতে হবে। কেরালা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।’







