সড়ক বন্ধ করে দুর্গাপূজার প্যান্ডেল নয়, বাজানো যাবে না ডিজে; অষ্টমীর দিন মদও বন্ধ: কড়া নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার (৭ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের দুর্গাপূজা কমিটিগুলির সঙ্গে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ডিজে বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পুজোতেও নিষিদ্ধ বিসর্জনেও নিষিদ্ধ। এটা আমি করতে দেবো না। এই বিষয়ে আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইবো।'
কুরবানীর ঈদের নামাজের ক্ষেত্রে যেমন কলকাতার রেড রোড বন্ধ করা হয়নি, তেমনই দুর্গাপূজার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে কোনও আয়োজন করা যাবে না বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন আমি দায়িত্ব নেয়ার পরে অনেকগুলি কর্মসূচি নেওয়া হয়েছে। সম্প্রতি কুরবানী ঈদ হয়েছে, সেখানে ১৯৫০ সালের আইন সম্পূর্ণভাবে কার্যকর করেছে পুলিশ।
নামাজে রেড রোড অবরোধ হয়নি, তার পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ আদায় হয়েছে। মহরমের সময় শোভাযাত্রা হয়েছে কিন্তু ডিজে বাজানো হয়নি, অস্ত্র নিয়েও মিছিল হয়নি।
এখানে অন্য কিছু ভাবার কারণ নেই। দূর্গা পূজার ক্ষেত্রেও আমরা সম্পূর্ণভাবে ডিজে বাজানো নিষিদ্ধ ঘোষণা করছি।'
এর পাশাপাশি রাজ্যের কোথাও জাতীয় সড়ক অবরুদ্ধ করে পুজো করা যাবে না। এমনকি কলকাতার ১৩টি গুরুত্বপূর্ণ সড়কেও অবরুদ্ধ করে পুজো করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।
এই তালিকায় রয়েছে কলকাতার রেড রোড, জওহরলাল নেহরু রোড, স্ট্র্যান্ড রোড, খিদিরপুর রোড, বর্ধমান রোড, ডিএল খান রোড, হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড, নির্মল চন্দ্র স্ট্রিট, লেনিন সরণি, পার্ক সার্কাস কানেক্টর এবং টিপু সুলতান মসজিদ সংলগ্ন প্রিন্স আনোয়ার শাহ রোড।
মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, রাজ্যে যে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, তা আঘাত প্রাপ্ত হয় এমন কোন কাজ করা যাবে না।
দুর্গাপূজা কমিটিগুলির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'এবছর রেড রোড বন্ধ করা যাবে না। ফলে এবার বিজয়া দশমীর পর রেড রোডে প্রতিমা নিরঞ্জন বা কার্নিভাল অনুষ্ঠিত হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।







