পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার কারাগারে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্যে তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছিল।
পরীক্ষা শেষে শুক্রবার ভোরে তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চক্ষু, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেছে। চিকিৎসকেরা তাকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করেছেন।
ইমরানের বোন উজমা খান পুরো স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার সময় উপস্থিত ছিলেন। সব প্রক্রিয়া শেষে শুক্রবার ভোর ৫টার দিকে তাকে আবার আদিয়ালা কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, তোশাখানা উপহারের তথ্য গোপন করার অভিযোগে ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি মামলা হিসেবে পরিচিত আল-কাদির ট্রাস্ট মামলায় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন।
কারাগারে থাকার সময় ইমরানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ করে আসছেন তার দলের নেতাকর্মীরা। এ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
সূত্র: ডন







