বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে আপত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। তবে এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন তিন তেল বিপণন প্রতিষ্ঠান- পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানিকে পৃথকভাবে নিজস্ব ব্যবস্থাপনায় জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৪ আগস্ট) এক বার্তায় তথ্যটি জানান বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।
বার্তায় তিনি বলেন, বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সর্বাগ্রে রাষ্ট্রীয় তিন তেল বিপণন কোম্পানিকে নিজস্ব ব্যবস্থাপনায় তেল আমদানির সুযোগ দিতে হবে। কারণ, এসব প্রতিষ্ঠানের তেল আমদানি, সংরক্ষণ ও বিপণনের জন্য প্রয়োজনীয় বৃহৎ অবকাঠামো এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।
তিনি দাবি করেন, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিই বেসরকারি খাতে তেল আমদানি ও বিপণন কার্যক্রমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম। ফলে কোনো গোষ্ঠী বা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ কিংবা ভোক্তাদের জিম্মি করার সুযোগ থাকবে না।
সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল আরও বলেন, সরকারের পক্ষে অর্থনৈতিক কারণে জ্বালানি তেল আমদানি কঠিন হয়ে পড়লে দেশের পেট্রোল পাম্প মালিকরা তাদের ব্যবসায়িক স্বার্থে রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলোকে অগ্রিম অর্থ সহায়তা দিতেও প্রস্তুত। এ ছাড়া দেশি-বিদেশি অনেক ব্যাংকও এসব কোম্পানির তেল আমদানিতে প্রয়োজনীয় অর্থায়নে আগ্রহী।
তার মতে, রাষ্ট্রীয় ও বেসরকারি- উভয় খাতের অংশগ্রহণে তেল আমদানি কার্যক্রম পরিচালিত হলে বাজারে সরবরাহের ধারাবাহিকতা বজায় থাকবে এবং কোনোভাবেই আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা থাকবে না। একই সঙ্গে দেশের জ্বালানি খাতে একটি ভারসাম্যপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ তৈরি হবে।







