লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটিতে ইসরায়েলের সব হামলা বন্ধ হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথ সহজ হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। খবর শাফাক নিউজের।
রোববার হিজবুল্লাহর উদ্দেশে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা ইরানের অন্যতম প্রধান অগ্রাধিকার।
এদিকে আল-আরাবিয়া জানিয়েছে, ইরান পাকিস্তানের কর্মকর্তাদের বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা থেকে সরে যায়নি। তবে আপাতত আলোচনা স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে আগের সমঝোতা স্মারকের ভিত্তিতে আবারও আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তেহরান।
তবে এ খবর অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। তবে আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এর আগে বিভিন্ন গণমাধ্যম জানায়, পাকিস্তান ও কাতার দুই দেশের মধ্যে আলোচনা আবার শুরু করার জন্য একটি প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান সেই প্রস্তাবের জবাবও দিয়েছে।
গত ২৬ জুন লেবানন ও ইসরায়েল পাঁচ দফা আলোচনার পর একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, ইসরায়েলি বাহিনীর পুনর্মোতায়েন এবং পরীক্ষামূলকভাবে দুটি এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।







