কোটি টাকা মূল্যের কোকেনসহ র্যাবের হাতে গ্রেপ্তারের ঘটনায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির সদস্য সাইফুজ্জামান কাজলকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত সাইফুজ্জামান কাজল কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়ার আপন মামা। তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠাখালী গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যক্রম এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ সাইফুজ্জামান কাজলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বহিষ্কারের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেন, মাদকসহ যেকোনো অপকর্মে জড়িত থাকলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।







