পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। এ প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবারই (২৪ নভেম্বর) শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে। নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব এবং পাল্টা যুক্তি পর্যালোচনা চলছে।
বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, বাহ্যিক কোনো বাধা সৃষ্টি না হলে আজকের মধ্যেই মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিন বিকালে এক ব্রিফিংয়ে শ্রম অধিদপ্তরের নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, উভয়পক্ষ বিশেষজ্ঞদের নিয়ে মজুরি বোর্ডের সভায় অংশ নিয়েছে। সেখানে তথ্য-উপাত্তের ভিত্তিতে নিজ নিজ প্রস্তাবের পক্ষে যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করেছে। বৈঠক চলছে এবং ইতোমধ্যে দুই পক্ষ থেকে তিন ধাপে মজুরির প্রস্তাব এসেছে।
চেয়ারম্যান বলেন, 'বাহ্যিক কোনো ডিস্টার্বেন্স না হলে আজকের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে।'
মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষ এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। প্রথম ধাপে তাদের প্রস্তাব ছিল ৩২ হাজার টাকা। পরবর্তী সময়ে দ্বিতীয় ও তৃতীয় ধাপে যথাক্রমে ২৫ হাজার ও ২২ হাজার টাকা প্রস্তাব করা হয়।
অন্যদিকে, মালিকপক্ষ প্রথম ধাপে ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় ধাপে ১৫ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল। সর্বশেষ তৃতীয় ধাপে তাদের প্রস্তাব বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭০০ টাকা।
এখন দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনা করে ন্যূনতম মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।