মুশফিকুল ফজল আনসারীর লেখা

‘শাস্তি ভোগ করতে শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরতে হবে’

Post Image


২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বজন হারানো পরিবারগুলোর কাছে শেখ হাসিনার ভারতে অবস্থান কেবল রাজনৈতিক আশ্রয়ের বিষয় নয়। কেউ আহত স্বজনের সেবা করছেন, আবার কেউ প্রিয়জন হারিয়ে শোকে মুহ্যমান। অনেক মা-বাবার ঘর এখন সন্তানহীন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যখন ভারত থেকে বাংলাদেশের মানুষের উদ্দেশে বক্তব্য দেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, গণতন্ত্রের জন্য যারা এত বড় মূল্য দিয়েছেন, সেই মানুষদের কেন এমন একজনের রাজনৈতিক হস্তক্ষেপ দূর থেকে দেখতে হবে, যাকে তারা নিজেদের দুর্ভোগের জন্য দায়ী মনে করেন?

২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। আহত হন আরও কয়েক হাজার মানুষ। দপ্তরটি সাবেক সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত পরিকল্পিত দমন-পীড়নের বিষয়টি চিহ্নিত করে। একই সঙ্গে তারা জানায়, বিক্ষোভকারীদের দমনে সহিংসতা চালানোর একটি সরকারি নীতি ছিল, যা মানবতাবিরোধী অপরাধের সম্ভাব্য অভিযোগের বিষয়ে আরও তদন্তের দাবি রাখে। এগুলো ছিল আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধানের মাধ্যমে পাওয়া তথ্য ও পর্যবেক্ষণ, কোনো ফৌজদারি আদালতের রায় নয়।

পরবর্তী সময়ে দেশের ভেতরে বিচারিক কার্যক্রমে ব্যক্তিগত দায়দায়িত্ব নির্ধারণের বিষয়টি সামনে আসে। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন। বিক্ষোভকারীদের ওপর নৃশংসতা উসকে দেওয়া, এতে সহায়তা করা এবং তাদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ঊর্ধ্বতন নেতৃত্বের দায়বদ্ধতার নীতিতেও তাকে দায়ী করা হয়। অনুপস্থিতিতে বিচার করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনা এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তবে তার এই দাবি কোনোভাবেই ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকারকে খর্ব করে না। বাংলাদেশ ভারতের কাছে তার প্রত্যর্পণ চেয়েছে। কিন্তু তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের স্বৈরশাসনে গভীরভাবে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতি পুনর্গঠনের চেষ্টা করছে। কিন্তু বিদেশে অবস্থানরত হাসিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এ ধরনের বার্তা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে। বিশেষ করে সেই পরিবারগুলোর মধ্যে, যারা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।

নির্বাচিত সরকার এবং গণতান্ত্রিক উত্তরণে অঙ্গীকারবদ্ধ সব রাজনৈতিক সংগঠনের দায়িত্ব এই অগ্রযাত্রাকে সুরক্ষিত রাখা। এ প্রক্রিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার জবাব দিতে হবে তথ্যভিত্তিক বক্তব্য ও আইনি পদক্ষেপের মাধ্যমে। একই সঙ্গে নীতিনির্ধারণের প্রতিটি পর্যায়ে ভুক্তভোগীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তবে হাসিনা ভারতে অবস্থান করা পর্যন্ত বাংলাদেশ একা এই উদ্বেগগুলোর সমাধান করতে পারবে না।

প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি ক্রিস্টিন ফেয়ার বলেছেন, হাসিনা ভারতের জন্য উপকারী ছিলেন এবং নয়াদিল্লি তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। কিন্তু ভারত হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটি একটি বিষয়। আর ভারতের ভূখণ্ড ব্যবহার করে তাকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ চালিয়ে যেতে দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।

২০২৬ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে একটি জনসভায় বক্তব্য দেওয়ার পর বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচাল করতে হাসিনা সহিংসতায় উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্রিস্টিন ফেয়ার প্রশ্ন তুলেছেন, নয়াদিল্লি কেন হাসিনাকে নিয়ন্ত্রণে রাখতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে, যেখানে অতীতে দালাই লামা ও অং সান সু চির মতো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সংযত থাকার বিষয়ে ভারত প্রভাব বিস্তার করতে পেরেছিল। তার মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিই এই পার্থক্যের ব্যাখ্যা হতে পারে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে। নিজস্ব রাজনৈতিক হিসাব-নিকাশের সঙ্গে প্রতিবেশী দেশের উদ্বেগের সংঘাত হলে নয়াদিল্লি সেই উদ্বেগকে কতটা গুরুত্ব দেয়?

নয়াদিল্লির অবস্থানের পেছনে যে রাজনৈতিক বিবেচনাই থাকুক না কেন, বাংলাদেশের প্রত্যর্পণের আবেদন আইনি ভিত্তিতেই বিবেচনা করতে হবে। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা অবস্থান থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে না, এমন নয়। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রমের আওতা থেকে হত্যা, হত্যার প্ররোচনা এবং এ-সম্পর্কিত বেশ কয়েকটি অপরাধকে স্পষ্টভাবে বাদ দেওয়া হয়েছে। তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্যান্য কারণ ও আইনি সুরক্ষার বিধানও কার্যকর রয়েছে।

টেকসই কূটনৈতিক আলোচনার মাধ্যমে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে জানাতে হবে, ঢাকা সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় এবং প্রত্যর্পণের আবেদনের বিষয়ে আন্তরিক ও দায়িত্বশীল পদক্ষেপ প্রত্যাশা করে। একই সঙ্গে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বা এ দেশের মানুষের জন্য হুমকি তৈরি করতে ভারতের ভূখণ্ড যেন ব্যবহার করা না হয়, সে বিষয়েও নয়াদিল্লিকে পদক্ষেপ নিতে বলতে হবে। এ ধরনের নির্দিষ্ট ঘটনার তথ্যপ্রমাণ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশ এবং সহিংসতায় উসকানির মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় রাখতে হবে।

ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে সত্যিই আগ্রহী হয়, তাহলে দেশটির গণতান্ত্রিক রায়ের প্রতি সম্মান জানাতে হবে এবং বাংলাদেশের মানুষের দুর্ভোগ ও ক্ষতিকে স্বীকার করতে হবে। একজন সাবেক স্বৈরশাসককে জবাবদিহির বাইরে রাখার চেষ্টা কেবল অবিশ্বাসই বাড়াবে। শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরতে হবে, যাতে তিনি তার সরকারের আমলে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের জন্য সরাসরি জবাব দিতে পারেন এবং পরবর্তী যেকোনো আইনসম্মত বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত হতে হবে এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করতে হবে। যে আইনের শাসন বাংলাদেশ আবারও প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এই বিভাগের আরও খবর

অন্যান্য

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘শাস্তি ভোগ করতে শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরতে হবে’

মুখে স্বীকার করেন না, কিন্তু যেসব আচরণ বলে দেয় আপনি প্রেমে পড়েছেন

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব বাংলাদেশেও, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

আসামের বাঙ্গালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশের লড়াই

২২৮ জনকে নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন ফি ৫০ টাকা

ফেসবুকে বন্ধ হচ্ছে ‘রিচ’, যা চালু করতে যাচ্ছে মেটা

নতুন বন্ধু পাতানোর দিন আজ

সর্বাধিক পঠিত

লেবু পানি কি ওজন কমাতে সাহায্য করে? জানালেন পুষ্টিবিদরা

আকর্ষণীয় বেতনে চাকরি দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন অনলাইনে

ইনুর বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা

হজের সময় ভিজিট ভিসায় মক্কায় প্রবেশ করলে ১ লাখ রিয়াল জরিমানা

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

সকালে চিয়া সিড খাওয়া নিয়ে চিকিৎসকের দেয়া এই তথ্য জানেন তো?

বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায়, হাসনাতের প্রশ্ন

দেওয়ালে ওসমান হাদির ছবি রেখে নিজ দফতর ছাড়লেন রাকসু জিএস আম্মার

নারীদের জটিল রোগের মতোই ব্যয়বহুল পুরুষ বন্ধ্যাত্ব চিকিৎসা: গবেষণা

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন