দেশজুড়ে বিচ্ছিন্নভাবে দাপটে রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালের মধ্যেই দেশের ১২ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৯টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর হাতিয়ায় দেশের সর্বোচ্চ ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে পটুয়াখালীর খেপুপাড়ায় ১১১ মিলিমিটার ছাড়াও কক্সবাজারে ৭৮, ভোলা ও লক্ষ্মীপুরের রামগতিতে ৬৫, যশোরে ৫৪, চট্টগ্রামের সন্দ্বীপে ৫২, বরিশালে ৪৮, সাতক্ষীরায় ৪৪, ফেনীতে ৩৯ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





