জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কূটনীতি, তথ্য প্রযুক্তির ব্যবহারসহ সংসদীয় কার্যক্রমের আধুনিকায়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্থপতি লুই আই কানের চমৎকার স্থাপত্যশৈলীতে নির্মিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ভূয়সী প্রশংসা করেন। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক স্বার্থের বন্ধনে আবদ্ধ। বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে সংসদীয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত মতবিনিময় ও সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভারতের পার্লামেন্টকে একটি আধুনিক পার্লামেন্ট আখ্যায়িত করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে এবং এর সফল বাস্তবায়নে ভারতের প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা প্রত্যাশা করে। দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পাওয়াকে একটি দারুণ সুযোগ হিসেবে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সংসদীয় যোগাযোগ এবং বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে তিনি কার্যকর সেতুবন্ধ তৈরি করবেন বলে আশা প্রকাশ করেন ডেপুটি স্পিকার।
ডেপুটি স্পিকার আরও উল্লেখ করেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে সংসদীয় কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হলে তা দুই দেশের জন্য অভিজ্ঞতা বিনিময়ের একটি চমৎকার প্লাটফর্ম হতে পারে। বৈঠকে উভয় পক্ষই জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং পারস্পরিক আস্থা, স্থিতিশীলতা ও বিশ্বাসের জায়গাকে আরো সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







