বিয়ে শুধু দুটি মানুষের সহাবস্থানের নাম নয়; এটি দুটি আত্মার আস্থার সেতুবন্ধ, দুটি পরিবারের মিলন, দুটি বংশধারার ধারক এবং একটি সভ্যসমাজের নৈতিক ভিত্তি। তাই ইসলাম বিয়েকে নিছক ব্যক্তিগত পছন্দের বিষয় হিসেবে নয়, বরং সামাজিক দায়বদ্ধতা, মানবিক মর্যাদা এবং আল্লাহপ্রদত্ত এক পবিত্র অঙ্গীকার হিসেবে প্রতিষ্ঠা করেছে।
আল্লাহতায়ালা বলেন, ‘তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে সম্পন্ন করে দাও। আর তোমাদের সৎ দাস-দাসীদেরও। তারা যদি অভাবগ্রস্ত হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা আন-নূর : ৩২) এই আয়াত শুধু বিয়ের অনুমতি দেয় না; বরং সমাজকে বিয়ে সম্পন্ন করার দায়িত্বও স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ বিয়ে এমন একটি বিষয়, যা সমাজের জ্ঞাতসারে, মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হওয়া কাম্য।
ইসলাম বিয়েকে শুধু বৈধ সম্পর্ক হিসেবে স্বীকৃতি দেয়নি; বরং এমনভাবে সম্পন্ন করার শিক্ষা দিয়েছে, যাতে সমাজে এর বৈধতা সুস্পষ্ট হয়। এ কারণেই রাসুলুল্লাহ (সা.) ওয়ালিমাকে সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ওয়ালিমা শুধু আপ্যায়নের আয়োজন নয়; এটি নতুন দাম্পত্য জীবনের সামাজিক স্বীকৃতির এক সুন্দর ঘোষণা। এ প্রসঙ্গে কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে।
১. ওয়ালিমার নির্দেশ
আবদুর রহমান ইবন আওফ (রা.)-এর বিয়ের সংবাদ শুনে রাসুলুল্লাহ (সা.) তাঁকে বললেন—‘ওয়ালিমা করো, যদিও একটি ছাগল দিয়েও হয়।’ (বুখারি : ৫১৬৭) ওয়ালিমার অন্যতম উদ্দেশ্য হলো সমাজকে জানিয়ে দেওয়া যে এই বিয়েটি বৈধ ও স্বীকৃত। তাই এ হাদিস পরোক্ষভাবে বিয়েকে গোপন না রেখে প্রকাশ করার দিকনির্দেশনা দেয়।
২. রাসুল (সা.)-এর ওয়ালিমার আমল
নবী (সা.) জয়নব বিনতে জাহশ (রা.)-এর সঙ্গে বিয়ের পর ওয়ালিমার আয়োজন করেছিলেন এবং সাহাবিদের আহ্বান করেছিলেন। আনাস ইবন মালিক (রা.) বর্ণনা করেন, ‘নবী (সা.) তাঁর স্ত্রীদের মধ্যে জয়নব (রা.)-এর বিয়ে যত বড় ওয়ালিমা করেছিলেন, অন্য কারো ক্ষেত্রে তত বড় করেননি। তিনি একটি ছাগল দিয়ে ওয়ালিমা করেছিলেন।’ (বুখারি : ৫১৬৮)
নবী (সা.)-এর এই আমল প্রমাণ করে যে বিয়েকে সামাজিকভাবে পরিচিত করা সুন্নাহ। এছাড়া বিয়ে ঘোষণা করা এবং মসজিদে সম্পন্ন করার মাধ্যমে বিয়ের প্রচার-প্রচারণা হয়। মানুষ কুধারণা থেকে বেঁচে থাকতে পারে। এ ঘটনা থেকে বোঝা যায়, রাসুলুল্লাহ (সা.)-এর নিজস্ব আমলও ছিল বিয়েকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা।
৩. সাক্ষীহীন গোপন বিয়ে গ্রহণযোগ্য নয়
সাক্ষী ছাড়া বা শরয়ি বিধান উপেক্ষা করে গোপনে তথাকথিত বিয়ে করা ইসলামে সম্পূর্ণ অবৈধ। রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে বলেছেন, ‘দুজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া কোনো বিয়ে নেই।’ (বায়হাকি)
সাহাবায়ে কেরামের আমল
হাসান আল বসরি (রহ.) বর্ণনা করেন, এক ব্যক্তি এক নারীকে বিয়ে করেন এবং বিষয়টি গোপন রাখেন। তিনি গোপনে ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। এক ব্যক্তি তাকে ওই নারীর ঘরে প্রবেশ করতে দেখে ব্যভিচারের অপবাদ দেয়। পরে বিষয়টি ওমর (রা.)-এর কাছে উপস্থাপন করা হয়।
ওমর (রা.) ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি সামান্য কিছু মোহরের বিনিময়ে এই নারীকে বিয়ে করেছি এবং বিষয়টি গোপন রেখেছি।’ ওমর (রা.) জিজ্ঞেস করলেন, ‘তোমাদের এই বিয়েতে কে সাক্ষী ছিল?’ তিনি উত্তর দিলেন, ‘কনের পরিবারের কিছু লোক সাক্ষী ছিল।’ তখন ওমর (রা.) অপবাদদাতার ওপর থেকে অপবাদের শাস্তি মওকুফ করে দিয়ে বলেন, ‘তোমরা এই বিয়ের ঘোষণা ও প্রচার করো এবং এর মাধ্যমে নিজেদের লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করো।’ (মুসান্নাফ ইবনে আবি শায়বাহ)
ইমাম মালেক (রহ.) বর্ণনা করেন, ওমর (রা.)-এর কাছে এমন একটি বিয়ের ঘটনা উপস্থাপন করা হয়, যেখানে সাক্ষী ছিলেন মাত্র একজন পুরুষ ও একজন নারী এবং বিয়েটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল। ঘটনাটি জানার পর ওমর (রা.) বলেন, ‘এটি একটি গোপন বিয়ে এবং আমি এর অনুমতি দিই না। আমি যদি এই বিয়ের বিষয়ে আগে জানতে পারতাম, তবে অবশ্যই তাদের পাথর ছুড়ে মারতাম (ব্যভিচারের শাস্তি দিতাম)।’ (মুয়াত্তা মালেক)
উভয় ঘটনাই বিয়ে গোপন রাখার নেতিবাচক দিক তুলে ধরে। প্রথম ঘটনায় সাক্ষীদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া বিয়েকে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অপবাদ ও বিভ্রান্তির অবসান ঘটে। দ্বিতীয় ঘটনায় এমন গোপন বিয়ের কঠোর নিন্দা করা হয়েছে, যেখানে বিয়ের স্বচ্ছতা ও যথাযথ সাক্ষ্য নিয়ে গুরুতর প্রশ্ন ছিল। কেননা সাক্ষী যদি একজন পুরুষ থাকে, তাহলে কমপক্ষে আরো দুজন নারী সাক্ষী থাকতে হবে।
ইজমা ও ফিকহি দৃষ্টিভঙ্গি
ফকিহরা একমত যে, সাক্ষী ছাড়া বিয়ে ইসলামি শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। চার মাজহাবই সাক্ষীর গুরুত্ব স্বীকার করেছেন, যদিও কিছু শর্তে মতপার্থক্য রয়েছে। ইমাম মালিক (রহ.) বিশেষভাবে এমন গোপন বিয়ের সমালোচনা করেছেন, যেখানে সাক্ষীদেরও বিষয়টি গোপন রাখতে বলা হয়। তার মতে, এতে বিয়ের সামাজিক উদ্দেশ্য ব্যাহত হয় এবং ফিতনার আশঙ্কা তৈরি হয়।
ইসলামি আইনের অন্যতম উদ্দেশ্য (মাকাসিদুশ শরিয়াহ) হলো—বংশধারা সংরক্ষণ, সম্মান রক্ষা এবং পারিবারিক স্থিতিশীলতা নিশ্চিত করা। তাই বিয়ের প্রকাশ্যতা এই উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চার মাজহাবের দৃষ্টিতে গোপন বিয়ে
হানাফি মাজহাব : হানাফি ফকিহদের মতে, দুজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতিতে ইজাব-কবুল সম্পন্ন হলে বিয়ে বৈধ। তবে সাক্ষীদের উপস্থিতি সত্ত্বেও বিয়েকে অযথা গোপন রাখা সুন্নাহর পরিপন্থী এবং সামাজিকভাবে অপছন্দনীয়। কারণ ওয়ালিমা ও ই’লান (ঘোষণা) বিয়েকে পরিচিত করে এবং ভবিষ্যতের বিরোধ ও অপবাদের পথ বন্ধ করে। ইমাম আল-কাসানী (রহ.) বলেন, সাক্ষীর বিধান নির্ধারণের অন্যতম উদ্দেশ্য হলো বিয়েকে জিনা থেকে পৃথক করা এবং মানুষের কাছে তা সুস্পষ্ট করা। (হিদায়া, কিতাবুন নিকাহ)
মালিকি মাজহাব : মালিকি মাজহাবে গোপন বিয়ের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান দেখা যায়। যদি স্বামী, স্ত্রী এবং সাক্ষীদের বলা হয় যে, ‘তোমরা এই বিয়ে গোপন রাখবে’, তবে ইমাম মালিক (রহ.) এটিকে নিকাহুস-সির (গোপন বিয়ে) হিসেবে আখ্যায়িত করেছেন এবং এমন বিয়েকে বাতিল করার মতও তাঁর থেকে বর্ণিত হয়েছে।
ইবনু আবদুল বার (রহ.) বলেন, ‘যে বিয়ে গোপন রাখার শর্তে সম্পন্ন হয়, সেটিই নিকাহুস-সির; মালিক (রহ.) এটিকে বৈধ মনে করতেন না।’ (আল মুদাওওয়ানুল কুবরা, দ্বিতীয় খণ্ড, ইবনু আবদুল বার)
শাফেয়ি মাজহাব : ইমাম শাফেয়ি (রহ.)-এর মতে, দুই সাক্ষীর উপস্থিতিতে বিয়ে বৈধ। তবে বিয়ের ঘোষণা (ই’লান) ও ওয়ালিমা সুন্নাহ এবং সমাজে বিয়েকে পরিচিত করার উত্তম মাধ্যম। ইমাম নববি (রহ.) বলেন, ‘সাক্ষী উপস্থিত থাকলে বিয়ে শুদ্ধ হবে; তবে ওয়ালিমা ও বিয়ের প্রচার সুন্নাহ।’ (মাজমু শারহুল মুহাজজাবা, ইমাম নববি)
হাম্বলি মাজহাব : ইমাম আহমদ ইবন হাম্বল (রহ.)-এর মতে, সাক্ষী ছাড়া বিয়ে বৈধ নয়। তিনি বিয়েকে প্রকাশ করার প্রতি উৎসাহ দিয়েছেন এবং ওয়ালিমাকে সুন্নাহ হিসেবে গুরুত্ব দিয়েছেন। ইবনু কুদামাহ (রহ.) লিখেছেন, ‘বিয়ের উদ্দেশ্যগুলোর একটি হলো বংশ সংরক্ষণ এবং মানুষকে এ সম্পর্ক সম্পর্কে অবহিত করা; এজন্য সাক্ষী ও ঘোষণা গুরুত্বপূর্ণ।’ (মুগনি, ইবনু কুদামাহ, কিতাবুন নিকাহ)
সমসাময়িক বাস্তবতা : কেন বাড়ছে গোপন বিয়ে
প্রযুক্তিনির্ভর এ সময়ে মানুষ আগের যেকোনো সময়ের তুলনায় সহজে যোগাযোগ করতে পারছে; কিন্তু সম্পর্কের স্বচ্ছতা অনেক ক্ষেত্রেই কমে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন পরিচয় এবং ব্যক্তিকেন্দ্রিক জীবনধারা অনেক তরুণ-তরুণীকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে বিয়েকে পরিবার ও সমাজের কাছ থেকে গোপন রাখাই নিরাপদ বলে মনে হয়। কেউ পারিবারিক অসম্মতির ভয়ে, কেউ অর্থনৈতিক অনিশ্চয়তায়, আবার কেউ দ্বিতীয় বিয়ে আড়াল করার উদ্দেশ্যে এই পথ বেছে নেন।
কিন্তু বাস্তবতা হলো, গোপন বিয়ে খুব কম ক্ষেত্রেই দীর্ঘ মেয়াদে কল্যাণ বয়ে আনে। যখন সম্পর্কের কথা অস্বীকার করা হয়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন স্ত্রী ও সন্তান। স্ত্রীর ভরণপোষণ, উত্তরাধিকার, আইনি সুরক্ষা এবং সন্তানের বৈধ পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। অনেক ক্ষেত্রে সামাজিক অপবাদ, পারিবারিক বিরোধ এবং দীর্ঘ আইনি লড়াইও দেখা দেয়। ইসলামের উদ্দেশ্য এসব সংকট সৃষ্টি করা নয়; বরং প্রতিরোধ করা।
শরিয়তের অন্যতম মৌলিক উদ্দেশ্য (মাকাসিদুশ শরিয়াহ) হলো—ধর্ম, জীবন, বুদ্ধি, সম্পদ এবং বংশধারা রক্ষা করা। বিয়েকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা এই উদ্দেশ্যগুলোর অন্তত দুটি—বংশধারা ও সম্মান—সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রকাশ্য বিয়ে শুধু একটি ধর্মীয় সুন্নাহ নয়; এটি সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদারও অনিবার্য শর্ত।
আজ আমাদের সমাজের প্রয়োজন এমন একটি বিয়ে-সংস্কৃতি, যেখানে পারিবারিক সম্মতি, আইনগত নিবন্ধন, সাক্ষীর উপস্থিতি এবং সামাজিক স্বীকৃতি একসঙ্গে নিশ্চিত হবে। কারণ বিয়ে শুধু দুই ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এটি একটি সামাজিক দায়িত্ব, একটি নৈতিক অঙ্গীকার এবং একটি প্রজন্ম নির্মাণের ভিত্তি।







