দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৮৫ জন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, সংক্রমণ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, ‘আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ ছাড়াও ঢাকার মুগদা, সোহরাওয়ার্দী, ডিএনসিসি, সংক্রামক ব্যাধি হাসপাতাল, মাতুয়াইলের আইসিএমএইচ এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৮ মার্চ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়েছে ৬৭৮ জন। তবে হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা আরো কয়েক গুণ বেশি।







