চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দেশে তৈরি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সাদেক (২৯), মো. কামরুল (৩৯) ও মো. হানিফ (৩৪)।
মঙ্গলবার বিষটি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।
পুলিশ সুপার জানান, সীতাকুণ্ডে রাজনৈতিক কর্মসূচি পালনকালে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের তথ্য ও অধিকতর তদন্তের ভিত্তিতে এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, ১টি দা এবং ১৫টি লাঠি উদ্ধার করা হয়। এছাড়া অভিযানকালে দেশে তৈরি ১টি একনলা কাটা বন্দুকও উদ্ধার করেছে পুলিশ।
মাসুদ আলম আরো বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্রের মহড়া ও প্রদর্শন কোনোভাবেই বরদাশত করবে না। অপরাধী যে দলের, যে গ্রুপের বা যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন—কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।