২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল আউয়াল হামদু এবং পরবর্তীতে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসমাঈল হোসেন ফয়সাল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর শহর শাখার সদস্যদের অংশগ্রহণে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সঞ্চালনা করেন কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য এসএম ফরহাদ।
সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পরে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত আবদুল আউয়াল হামদুকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবদুল আউয়াল হামদু শাখা সেক্রেটারি হিসেবে ইসমাঈল হোসেন ফয়সালকে মনোনীত করেন।
সমাবেশে বক্তারা সংগঠনের আদর্শিক চেতনা, সাংগঠনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। নবনির্বাচিত নেতৃত্ব আগামী সেশনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও ফলপ্রসূ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।