কবি ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন

Post Image

কবি, অনুবাদক ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫১ বছর।

গত সোমবার থেকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন রথো রাফি। দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন এই নিভৃতচারী কবি। তার ছোট ভাই মো. এহতেশামুল হক মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রথো রাফি কবিতা ও অনুবাদে নিজস্ব ভাষাভঙ্গি তৈরি করেছিলেন। তার একমাত্র কাব্যগ্রন্থ ‘অক্ষর ও বালির পৃথিবী’। ৪৩২ পৃষ্ঠার এই বইয়ে স্থান পেয়েছিল দুই শতাধিক কবিতা। ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুই দশকে লেখা কবিতাগুলোর সংকলন এটি। তার কবিতায় মানুষের জন্ম-মৃত্যুর দর্শন থেকে শুরু করে কৃষ্ণের বাঁশি ও যিশুর ক্রুশযাত্রার মতো নানা অনুষঙ্গ উঠে এসেছে। এছাড়া বিশ্বসাহিত্যের নানা কবির অনূদিত কবিতা রয়েছে তার। 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিন তারুয়া গ্রামে ১৯৭৫ সালের ৩১ মার্চ জন্মগ্রহণ করেন রথো রাফি। তার মা-বাবা আগেই মারা গেছেন। বাবা আবুল কাশেম আশুগঞ্জ হাজি আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক ছিলেন। মা জাহানারা বেগম সরকারি চাকরি করতেন। বর্তমানে তার দুই ভাই রয়েছে। পেশা ও কবিতার জগতে রথো রাফি হিসেবে সবার কাছে পরিচিত হলেও তার মূল নাম মো. মোজাম্মেল হক। তিনি অবিবাহিত ছিলেন। 

রসায়নশাস্ত্রে লেখাপড়া করলেও কবিতা ও অনুবাদের জগতে তার মনন গড়ে উঠেছিল। গত শতকের নব্বইয়ের দশকে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। দীর্ঘ সময় ধরে ছোটকাগজ আন্দোলন ও প্রতিষ্ঠানবিরোধী সাহিত্যিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানবিরোধী ছোটকাগজ গাণ্ডীবের নিয়মিত লিখতেন তিনি। 

রথো রাফি অনুবাদক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি এরিখ ফ্রাইড, চার্লস বুকোস্কি, মুহাম্মদ আল-মাঘুত ও ইয়ারোস্লাভ সাইফার্টের মতো বিশ্বখ্যাত কবিদের কবিতা বাংলায় অনুবাদ করেছেন। তার কাজের মধ্য দিয়ে বাংলা ভাষার পাঠকদের বিশ্বকবিতার নানা ধারা ও কণ্ঠের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। তিনি দীর্ঘদিন সমকালে সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। এছাড়া ভোরের কাগজের অনলাইনে শিফট ইনচার্জ পদে দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরও খবর

সাহিত্য

সর্বশেষ খবর

কবি ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন

আজ শুরু অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রক্ষমতা, মাতৃরূপ ও রাজনৈতিক নৈতিকতার কাব্যিক দলিল

আপনারা লিখলে আমাদের নিরাপত্তা দেবে কে?'

১৪ বছর পর ফের তেল রপ্তানি শুরু করল সিরিয়া

সত্যিই কি ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ?

টক ব্যক্তির কাছ থেকে চার পিস ইয়াবা, একটি মদের বোতল, সিগারেটের ভেতরে লুকানো হেরোইন

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে