আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।
বৈঠকে ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিভাগীয় দায়িত্বশীলদের প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করেন এবং দিক নির্দেশনা প্রদান করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লংমার্চের উদ্বোধনী সমাবেশে লাখো নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য শাখাসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত উদ্বোধনী সমাবেশ করে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে এবং রংপুর জিলা স্কুল মাঠে গিয়ে সমাপনী সমাবেশ করা হবে।
জনগণের ন্যায্য দাবি আদায়ে দেশবাসী ও সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এই লংমার্চ সফল করতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।