বিশ্বকাপের ইতিহাসে প্রথম সোমালি রেফারি হিসেবে দায়িত্ব পালনের স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হলো না ওমর আব্দুলকাদির আরতানের। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে ২০২৬ বিশ্বকাপের রেফারিদের তালিকা থেকে বাদ দিয়েছে ফিফা।
২০২৫ সালের আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএঅফ) বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়া আরতান মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়েন। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তার প্রবেশ নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি। তবে সোমালিয়া বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত কয়েকটি দেশের একটি।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, “ওমর আব্দুলকাদির আরতান যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তিনি ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন না।”
সংস্থাটি আরও জানায়, ভিসা ও অভিবাসন সংক্রান্ত বিষয়ে ফিফার কোনো ভূমিকা নেই। আয়োজক দেশের সরকারই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় কে ভিসা পাবে এবং কে দেশে প্রবেশ করতে পারবে।
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ উপদেষ্টা জানান, আরতানের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল। নাইরোবিতে অবস্থিত সোমালি দূতাবাসের এক কর্মকর্তা বলেন, পূর্বের ভিসা জটিলতা বিবেচনায় তার যাতায়াত সহজ করতে বিশেষভাবে একটি কূটনৈতিক পাসপোর্টও ইস্যু করা হয়েছিল।
ঘটনার ব্যাখ্যা জানতে ইতোমধ্যে সোমালি ফুটবল ফেডারেশন ফিফার সঙ্গে যোগাযোগ করেছে।
এদিকে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু গুইলিয়ানি বিবিসিকে বলেছেন, ‘আমি বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারছি না। তবে কাস্টমস ও বর্ডার পেট্রোল যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিই সঠিক ছিল এবং আমি সেই সিদ্ধান্তকে সমর্থন করি।’
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ফিফা ঘোষিত ৫২ জন রেফারির একজন ছিলেন আরতান।
সোমালিয়ান জাতীয় ফুটবল লিগের কর্মকর্তা হিসেবে কাজ করা আরতান ২০১৮ সালে ফিফা রেফারির স্বীকৃতি পান। তিনি এর আগে আফ্রিকা কাপ নেশন্সে ম্যাচ পরিচালনা করেছেন।







