রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার ঘটনায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচার শেষ হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এটা আদালতের বিষয় বলেও তিনি জানান।
আজ রবিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা আসলে সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধ। এখানে সমাজ সংস্কার দরকার, যেখানে সামাজিক মূল্যবোধ তুলে ধরা দরকার আমাদের ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, আমাদের কালচারের ভিত্তিতে। কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আছর আমাদের সমাজে পড়েছে। কিছু কালচার এমন হয়েছে, এটা অপসংস্কৃতির কারণে, ধর্ষণের মাত্রা বা ধর্ষণের যে অবস্থা, সংখ্যা এটা আমাদের সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে ‘
তিনি আরও বলেন, ‘তো আমরা কী করতে পারি? সরকার হিসেবে আমরা করতে পারি যে তার আইনানুগ ব্যবস্থা এবং বিচারের ব্যবস্থাটা নিশ্চিত করা। আমরা সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি। দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেপ্তার হয়।’
মন্ত্রী জনান, ‘সেই জায়গায় আমরা এই তিন মাসে প্রতিটি ঘটনায় আমরা সফল হয়েছি, ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এজাতীয় যেকোনো ঘৃণ্য অপরাধ, ঘৃণ্য অপরাধে অভিযুক্ত বা অপরাধীদের কোনোভাবেই ছাড় দেব না।’
রামিসাকে ধর্ষণ ও হত্যা করার পর আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাথে সাথে, এক দিনের মধ্যে। সেই ১৬৪-এর স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসেছে; তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
আমরা খুব দ্রুততার সাথে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট তিন দিনের সময় লাগে, তিন দিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকেলে জমা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতিমধ্যেই বলেও তিনি জানান।







