পাবনার ঈশ্বরদীতে ছাগলের শজনেপাতা খাওয়াকে কেন্দ্র সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মৃত মাহাবুল হোসেন (৬০) ওই এলাকার আজু প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানায়, মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী মো. বাশার মুন্সি ও তার বড় ভাই মো. তোসলিম মুন্সির শজনেগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। যা একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।
এ সময় বাশার মুন্সি ও তোসলিম মুন্সি লিচু ভাঙার কোটা ও বাঁশের বাতা দিয়ে মাহাবুলের ঘাড়, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঈশ্বরদী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, অভিযুক্ত বাশার মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।







