পাকিস্তানের বেলুচিস্তানে শাটল ট্রেনে চালানো বোমা হামলাায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।
রোববার (২৪ মে) স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টার দিকে রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসে এই রক্তক্ষয়ী বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র সিনহুয়া নিউজ এজেন্সিকে জানিয়েছে, ট্রেনটিতে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, যারা ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফিরছিলেন। শক্তিশালী এই বিস্ফোরণের ধাক্কায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং দুটি বগিতে আগুন ধরে যায়। এতে ট্রেনের আশপাশে থাকা বেশ কিছু বেসামরিক যানবাহনও পুড়ে গেছে।
ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি একটি সুপরিকল্পিত আত্মঘাতী হামলা ছিল। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় প্রায় ৭০ কেজিরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি হয়েছে।
আইন প্রয়োগকারী সংস্থাগুলো পুরো এলাকাটি অবরুদ্ধ করে রেখেছে এবং হামলার নেপথ্যে থাকা চক্রটিকে চিহ্নিত করতে চিরুনি অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
সূত্র: সিনহুয়া।







